চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক এলাকা থেকে জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরের দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন (৪৫), কর্মী সোলায়মান হক (৪৬) ও তার ভাই সামাউল হক (৪২)।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল উপজেলার পৃথক এলাকায় অভিযান চালায়। পুলিশ উপজেলার পুরাতন চাকলা গ্রামের আব্দুর রহমানের ছেলে জামায়াত নেতা আনোয়ার হোসেন ও বালিহুদা গ্রামের সোলায়মান হক ও সামাউল হককে আটক করে। নাশকতার মামলায় দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, শনিবার সকালে বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করার জন্য জেলা সাংবাদিক সমিতির সামনে জড়ো হন। এ সময় পুলিশের অনুমতি না পাওয়ায় তারা কোনও ধরনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে পারেনি বলে জানিয়েছেন দলটির জেলা যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বোলা।








