বাগেরহাটের মোরেলগঞ্জে দাখিল পরীক্ষাকেন্দ্রে অনিয়ম ও উত্তর সরবরাহের দায়ে তিন মাদ্রাসাশিক্ষক ও তিন ছাত্র বহিষ্কার এবং একজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এক মাদ্রাসা সুপারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন দাখিল পরীক্ষার তিনটি কেন্দ্র পরিদর্শন করে তাদেরকে শাস্তি দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন বলেন, ‘লতিফিয়া সিনিয়র মাদ্রাসাকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের দায়ে নিশানবাড়িয়া মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দায়িত্বে অবহেলার দায়ে রওশনআরা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বহিষ্কার করা হয় দুই জন কক্ষ পরিদর্শককে। এছাড়া কে. কে পোলেরহাট মাদ্রাসাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে আসলাম শেখ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘৪০ সেট নকলসহ আটক তেলিগাতী গ্রামের মৃত এরাব আলীর ছেলে আসলামকে বিকাল ৫টায় মোবাইলকোর্টে তোলা হয়। কিন্তু তার অপরাধের বিচার মোবাইলকোর্টের আওতার বাইরে হওয়ায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।








