দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান তথ্য প্রযুক্তি ও মানহানির একটি মামলায় মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নিয়েছেন। তিনি সোমবার দুপুরে মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম জিয়াউর রহমানের আদালতে তিনি জামিননামা জমা দেন।
এ মামলার আইনজীবী শাহেদ হাসান টগর জানান, মাহমুদুর রহমান গত ৭ জানুয়ারি হাইকোর্ট থেকে ৫৫ দিনের অন্তবর্তীকালীন জামিন লাভ করে হাইকোর্টের নিদের্শ অনুযায়ী সোমবার মাগুরা আদালতে জামিননামা দাখিল করেন। এসময় মাহমুদুর রহমানের সঙ্গে মাগুরার অর্ধশত আইনজীবী যোগদেন।
জামিননামা দাখিল করে মাহমুদুর রহমান বলেন, ‘এ সরকার তার বিরুদ্ধে ১১৭টি মামলা দিয়েছে। সরকারের এই অত্যাচার-নির্যাতন প্রতিটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী মানুষের ওপর চলে আসছে। যে কারণে গণঅভ্যুত্থানের মাধ্যমে এ সরকারকে উৎখাত করতে না পারলে আমাদের মুক্তি নাই, দেশের মুক্তি নাই।’
প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বাংলাদেশ, বঙ্গবন্ধু, প্রধামন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে কটূক্তি করায় গত ১২ ডিসেম্বর মাগুরা জেলা জজ আদালতের আইনজীবী আশরাফ হোসেন লিটন বাদী হয়ে মামলা দায়ের করেন।








