ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের ভাণ্ডারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ভাণ্ডারীপাড়া গ্রামের বিল্লাল হোসেনের সঙ্গে র্দীঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল একই গ্রামের রফিকুলের। এরই জের ধরে রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাঠে ঘাস কাটাকে কেন্দ্র করে বিল্লালের ছেলে ফরিদুলের সঙ্গে রফিকুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রফিকুল ভাণ্ডারীপাড়া গ্রামের সফু গাজী, সেলিম গাজী, ও পরভাতীসহ কয়েকজন মিলে বিল্লালের বাড়িতে রামদা, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বিল্লালের ছেলে মিজানুর (১৮) ও ফরিদুল (১১), রুস্তমের ছেলে অকিদুল (২৯), বিল্লালের স্ত্রী রুপিয়া (৩৫) ও আসমাকে (৫৫) কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বিল্লাল হোসেন বাদী শৈলকুপায় থানায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।
এদিকে মামলা দায়েরের পর থেকে বাদী বিল্লালকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, মাঠে ঘাস কাটাকে কেন্দ্র করে হামলায় কয়েকজন আহত হয়েছে। এঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার প্রধান আসামি রফিকুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।








