যশোরের শার্শায় পিস্তল ও গুলিসহ রনি হোসেন (২২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রনি ঝিকরগাছা থানার মির্জাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। শুক্রবার (৯ মার্চ) দুপুরে উলাশীর পূর্বপাড়া কালী মন্দিরের পাশ থেকে রনিকে গ্রেফতার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উলাশীর পূর্বপাড়া কালী মন্দিরের পাশে পিন্টুর চা দোকানের সামনে কয়েকজন সন্ত্রাসী গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালিয়ে রনি নামে একজনকে আটক করে।
তিনি আরও জানান, পরে তার শরীর তল্লাশি করে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে শার্শা থানায় কয়েকটি মামলা রয়েছে।








