নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুদি দোকানি সাঈদ ভূঁইয়াকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ ভূঁইয়া যাদবপুর গ্রামের মুজিবর ভূঁইয়ার ছেলে।
এসময় একই পক্ষের রিজ্জাক ভূঁইয়া, হাবিব ভূঁইয়া ও আহাদ ভূঁইয়া আহত হন। এর মধ্যে রিজ্জাকের অবস্থা গুরুতর। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে কালিয়ার যাদবপুর গ্রামে মুন্সী সমর্থক ও ভূঁইয়া সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শনিবার সকালে মুন্সী সমর্থকেরা সাঈদ ভূঁইয়াকে তার বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।’








