আগামীকাল বুধবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে কোনও জমকালো আয়োজন থাকবে না। ময়মনসিংহের ভালুকায় গত ২৪ মার্চের ঘটনায় কুয়েটের ৪ মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এ কথা জানান।
সোমবার (২ এপ্রিল) কুয়েটে এক সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, সমাবর্তন অনুষ্ঠানে জমকালো কোনও আলোক সজ্জা, রঙিন ফুল এবং কোনও ফেস্টুন থাকছে না। ময়মনসিংহের ভালুকায় ২৪ মার্চের ঘটনায় কুয়েটের ৪ মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো.আবদুল হামিদ। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবর্তনে বক্তা হিসেবে থাকবেন বিশিষ্ট বিজ্ঞানী ও বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী হামিদুল বারী, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুর রফিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া, রেজিস্ট্রার জি এম শহিদুল আলম।








