খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) গত পাঁচ বছরে বিএনপি দলীয় মেয়র নগরের উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন বলেই আসছে নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদ জানিয়েছেন কেসিসি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া তালুকদার আব্দুল খালেক। দলীয় মনোনয়ন পাওয়ার পর বাংলা ট্রিবিউনকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটিই জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।
তালুকদার আব্দুল খালেক বলেন, ‘২০০৮ থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত আমি এই সিটি করপোরেশনের মেয়র ছিলাম। আমার মেয়াদের পাঁচ বছরে জনগণ খুলনার উন্নয়ন কর্মকাণ্ড দেখেছেন। এরপর নির্বাচিত হন বিএনপির মনির। তার মেয়াদের পাঁচ বছরের উন্নয়ন কর্মকাণ্ডও দেখেছেন সবাই। আমাদের দুজনের দুই মেয়াদের কাজের তুলনা করলেই নগরবাসী তাদের সিদ্ধান্ত নিতে পারবেন। বিএনপির মেয়রের যে ব্যর্থতা, তার কারণেই নগরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’ নির্বাচিত হলে অসমাপ্ত বিভিন্ন কাজ দিয়েই খুলনা সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম শুরু করবেন বলে জানান তিনি।
গত পাঁচ বছরে খুলনা সিটি করপোরেশন এলাকায় তেমন কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন তালুকদার আব্দুল খালেক। তার ভাষ্য, তার মেয়াদে নেওয়া প্রকল্পগুলোই বাস্তবায়ন করা হয়নি। যে কারণে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কোনও উন্নতি হয়নি খুলনায়, মশার উৎপাত থেকে রেহাই পায়নি নগরবাসী। এছাড়া, নগরীর রাস্তাঘাটের অবস্থাও বেহাল। খালেক বলেন, ‘একটু বৃষ্টি হলেই নগরী জলাবদ্ধ হয়ে পড়ে। নদী খননের কাজ হয়নি। বলতে গেলে দৃশ্যমান কোনও উন্নয়ন কাজই করতে পারেননি বর্তমান মেয়র। কিছুটা কাজ হয়েছে কেবল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে। সবকিছু পর্যবেক্ষণ করেই ১৫ মে’র নির্বাচনে সবাই আমাকেই ভোট দেবেন।’
ইশতেহারে নগরী ও নগরবাসীর উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এই মেয়র প্রার্থী বলেন, ‘আমার ইশতেহারের মূল জায়গায় থাকবে ২০১৩ সালের ইশতেহার। ওইখানে যেসব ঘোষণা ছিল, সেগুলোকে প্রাধান্য দিয়ে নতুন কিছু বিষয় যুক্ত করা হবে। আমার লক্ষ্য, মাঠপর্যায়ের মানুষের মতামত নিয়ে নির্বাচনি ইশতেহার সাজাবো।’ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তিনি নির্বাচিত হলে পিছিয়ে পড়া খুলনার গতি ফিরবে বলেও মনে করছেন আব্দুল খালেক।
উল্লেখ্য, ২০০৮ সালের কেসিসি নির্বাচনে মেয়র হিসেবে জয়লাভ করেছিলেন আওয়ামী লীগ সমর্থিত তালুকদার আব্দুল খালেক। তবে ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রার্থী মনিরুজ্জামান মনির কাছে পরাজিত হন তিনি। ওই নির্বাচনের পর ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন-
খুলনায় তালুকদার খালেক, গাজীপুরে জাহাঙ্গীর আলম আ. লীগের প্রার্থী








