চুয়াডাঙ্গায় কৃষক মহসিন হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে এ রায় দেওয়া হয়। রায়ের সময় আদালতে ১৪ আসামি উপস্থিত ছিলেন। অন্য ৯ জন আসামিকে আদালত বেকসুর খালাস দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের আব্দুল কুদ্দুস, লতিফ আলি, জনুর মিয়া, ওয়াজ আলি ও ছোট বুড়ো।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মহসিন আলী ও প্রতিবেশি আব্দুর রাজ্জাকের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে ২০১৪ সালের ১ জানুয়ারি সকালে আব্দুর রাজ্জাক তার লোকজন নিয়ে মহসিন আলীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় হামলাকারীরা মহসিন আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে ওই দিনই তিনি মারা যান।
পর দিন নিহতের স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে ১৪ জানের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ২০১৫ সালের ২০ জানুয়ারি ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জাকির হোসেন খাঁন আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন। রায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। সাজা প্রাপ্তদের কোট হাজতে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








