চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেলস্টেশনের কাছ থেকে আব্দুস সাত্তার (৩৬) নামে চরমপন্থী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও হত্যার মালামাল জব্দ করা হয়। সে এক ডজন মামলার আসামি বলে জানিয়েছে আলমডাঙ্গা থানার ওসি লুৎফুল কবির।
আটক আব্দুস সাত্তার উপজেলার পাইকপাড়া গ্রামের নিজম উদ্দীন মণ্ডলের ছেলে।
আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবির জানান, বুধবার রাতে ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খানের নেতৃত্বে একদল পুলিশ শহরের রেলস্টেশন সংলগ্ন পাকা রাস্তা থেকে আব্দুস সাত্তারকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আব্দুস সাত্তার চরমপন্থীদলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ একডজন মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।








