বাগেরহাটের কচুয়ায় বোনের লাঠির আঘাতে আব্দুল আজিজ ফকির (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে কচুয়া উপজেলার টেংরাখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ফকির টেংরাখালি গ্রামের আফতার উদ্দিন ফকিরের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে সোমবার রাতে আব্দুল আজিজের এসএসসি পরীক্ষার্থী মেয়েকে তার বোন মারধর করে। আব্দুল আজিজ বাইরে থেকে এসে তার বোনের কাছে মারার কারণ জানতে চান। তখন তার বোন আব্দুল আজিজের মাথায় আঘাত করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এলাকাবাসীকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ওসি রবিউল কবির জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মঙ্গলবার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।








