খুলনার ডুমুরিয়ায় অবস্থিত শঙ্খ সিনেমা হলের পাশ থেকে ৮০৩ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম বিএম সোহেল রানা (২৯)। সোমবার (১১ জুন) সকাল ১১টায় তাকে গ্রেফতার করা হয়। সোহেল ডুমুরিয়া উপজেলার থুকরা গ্রামের বাসিন্দা।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. আনিছুর রহমান এক প্রেস বার্তায় এ তথ্য জানান।
প্রেস বার্তায় জানানো হয়, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ বেগমের উপস্থিতিতে পুলিশ এলএমজি’র গুলি ৭৯০ রাউন্ড, চায়না রাইফেলের গুলি ১৩ রাউন্ড, দুটি রাইফেলের ম্যাগাজিন জব্দ করে। সোহেল ডুমুরিয়া শঙ্খ সিনেমা হলের কাছে রায়হানের ভাঙারি দোকানে এসব গোলাবারুদ বিক্রি করতে গিয়েছিল। এ সময় সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার ও গোলাবারুদ জব্দ করে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. সজীব খান এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।








