যশোর সদর উপজেলার বুকভরা বাওরে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ায় উদ্ধার অভিযান আজও চলছে। রবিবার রাত থেকে উদ্ধার অভিযান শুরু হয়। সোমবার বেলা তিনটার দিকে ঘটনাস্থলে থাকা স্থানীয় এক সাংবাদিক জানান, বেলা ১টার দিকে উদ্ধার অভিযানে বিরতি দেওয়া হয়।
তিনি বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মাহাদীর উদ্ধৃতি দিয়ে জানান, বাওরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর দশজন ডুবুরি কাজ করছেন। তিনি আরও জানান, উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী হেলিকপ্টার ' এয়ার লিফট ব্যাগ' আনা হচ্ছে। বিকেল চারটে নাগাদ হেলিকপ্টারটি যশোর বিমানবন্দরে পৌঁছাবে। স্কোয়াড্রন লিডার মাহাদী ওই সাংবাদিককে বলেছেন, উদ্ধারকারী হেলিকপ্টারটি এসে পৌঁছালে তাদের কাজ আরও ত্বরান্বিত হবে। তিনি জানিয়েছেন, বিধ্বস্ত বিমানের ইঞ্জিনটি বেশ ভারি। ইঞ্জিনসহ বিমানের বড় একটি অংশ পানিতে ডুবে রয়েছে।
এদিকে সোমবার দুপুরের দিকে বিমানের নিহত দুই পাইলটের শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোর স্টেশনের সহকারী পরিচালক পরিমল কুণ্ডু বলেন, বিধ্বস্ত বিমানের প্রায় ৬০ শতাংশ ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, বিধ্বস্ত বিমানের দুই পাইলটের মাথা, একটি পূর্ণাঙ্গ বাম হাত, বাম হাতের দুটি অংশ ও পাঁজর উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, রবিবার রাত ৯টার দিকে যশোরের বুকভরা বাওরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিহত হন। এর পরপরই বিমানবাহিনীর নেতৃত্বে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়।
আরও পড়ুন:








