আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি-জামায়াত যখন সরকারের বিরুদ্ধে কোনও আন্দোলন করে সুবিধা করতে পারেনি তখন ছাত্রদের কোটার নাম করে পেছন থেকে মদত দিয়ে পরিকল্পিতভাবে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।’ সোমবার (২ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
‘কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বর্তমান সরকার বেঈমানি করেছে’ বিএনপির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কোটা সংস্কার নিয়ে যে কথাবার্তা চলছে তা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছাড়া কিছুই নয়। কোটা সংস্কারের সঙ্গে আসলে সাধারণ ছাত্রছাত্রীদের কোনও সম্পর্ক নেই। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা কোনও ছাত্র আন্দোলনের অংশ হতে পারে না। এই ঘটনাগুলো প্রমাণ করে কোটা সংস্কার নিয়ে আন্দোলন বিএনপি-জামায়াতের যড়যন্ত্রের অপকৌশল। মাহবুব-উল আলম হানিফ বলেন, অশুভচক্রের বিরুদ্ধে ছাত্রসমাজ সোচ্চার হয়েছিল, তার দায়দায়িত্ব তারাই বহন করবে। এর সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ছাত্রলীগ ছাত্র সংগঠনের ঐতিহ্যের ধারক ও বাহক। সেই ছাত্র সংগঠন নিয়ে কটূক্তি তারাই করতে পারে যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয়। ছাত্রলীগ দ্বারা কখনোই বিশ্ববিদ্যালয়সহ কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়নি। আশা করি কখনো হবে না। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।








