মাগুরায় কলেজ জীবনের প্রথম দিনেই বখাটের হামলার শিকার হয়েছেন একাদশ শ্রেণির এক ছাত্রী। সোমবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। আহত ছাত্রীকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ছাত্রীর বাবা বলেন, ‘মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের রুহুল বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস (২২) চার বছর ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। সোমবার দুপুরে সে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে আমার মেয়ের পিছু নেয়। একপর্যায়ে মেয়ের ব্যাগ ধরে টান দেয়। প্রতিবাদ করলে বখাটে আমার মেয়েকে চড়-থাপ্পড় মারতে থাকে। কানে আঘাত পেয়ে মেয়ে জ্ঞান হারালে তার সহপাঠীরা চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান।’
মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বলেন, ‘চড়-থাপ্পড়ের আঘাতে ওই কলেজছাত্রী কানে আঘাতজনিত ব্যথা অনুভব করছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
জানতে চাইলে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ বলেন, ‘বিষয়টি পুলিশকে জানিয়েছি। আইনগত ব্যাবস্থা নেওয়ার কথা বলেছি। পাশাপশি পরিবারকেও আইনগত ব্যবস্থা নিতে বলেছি।’ কলেজের পক্ষ থেকে এ ব্যাপারে সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিয়ষে মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’








