মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা বহাল রাখার দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (৬ জুলাই) সকালে শহরের মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এই কর্মসূচি পালন করেন শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।এসময় মুক্তিযোদ্ধারা কবিরপুরসহ শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন ও কোটা বহাল রাখার পক্ষে শ্লোগান দেন।
মানবন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সম্মানে ও কল্যাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে কোটা পদ্ধতি চালু করেছিলেন। তবে স্বাধীনতার বিপক্ষশক্তি আজ এই কোটা বাতিল করতে ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা তাদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’
মুক্তিযোদ্ধারা আরও বলেন, ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলায় আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। কোটা পদ্ধতি বহাল রাখার পাশাপাশি আমরা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নেওয়ারও দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে বক্তব্য রাখেন শৈলকুপা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মনোয়ার হোসেন মালিথা, জেলা ডেপুটি কমান্ডার রইচ হোসেন, লুৎফর রহমানসহ প্রবীণ মুক্তিযোদ্ধারা।এ সময় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।








