সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও মাদকের অপব্যবহার ঠেকাতে মসজিদের ইমামদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। রবিবার (৯ জুলাই) জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীরা জানান, সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও মাদকের অপব্যবহার রোধে মসজিদের ইমামকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু অধিকাংশ মসজিদের ইমামরা খুতবায় বিষয়টি এড়িয়ে যান। ইমামরা যাতে আরও সক্রিয় হন এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সভায়। এছাড়া নগরীতে চলাচল মাহিন্দ্রতে পেছনের সিটে চারজন যাত্রী বহন বন্ধ করা, ফুটপাত থেকে হকারদের অন্যত্র সরিয়ে পুনর্বাসন করা, সড়কে চলাচল নির্বিঘ্নসহ নিরাপদ রাখার ব্যাপারেও আলোচনা হয়। মাদক নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় উদ্বুদ্ধকরণ সভা আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
মহানগরীর আটটি থানায় গত মাসে রাহাজানি, চুরি, খুন, অস্ত্র আইন, দ্রুত বিচার, ধর্ষণ, অপহরণ, নারী ও শিশু নির্যাতন ও মাদকদ্রব্যসহ অন্যান্য আইনে ২৪৭টি মামলা হয়েছে। মে মাসে এ সংখ্যা ছিল ২৬৯টি।
আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাকসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ইউএনও এবং সংশ্লিষ্ট দফতরের কর্তকর্তা ও অন্যান্য সদস্যরা অংশ নেন।
একইসঙ্গে সন্ত্রাস-নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভাও অনুষ্ঠিত হয়।







