মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে আট জেলেকে অপহরণ করেছে জলদস্যু শরিফ বাহিনী। মঙ্গলবার (১০ জুলাই) ভোররাতে মাছ ধরার সময় বনের জোংড়া, মরাপশুর ও ঝাপসি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। মংলা সদর দফতরের পশ্চিম জোনের কোস্টগার্ড অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপহৃত আট জনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, খুলানা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার সুকুমার (৩৭) এবং গাগরামারী এলাকার রমেশ (৪০)।
জেলেদের মহাজন রেক্সোনা আক্তার জানান, গত সপ্তাহে মাছ ধরার জন্য সুন্দরবনের মরাপশুর, ঢাংমারী,ঝাপসি ও জোংড়া এলাকায় মাছ ধরতে যায় তার জেলেরা। এদের মধ্যে সুকুমার ও রমেশ নামে তার দু’জন জেলেসহ আট জেলেকে ভোর রাতে জলদস্যু শরিফ বাহিনী অপহরণ করে নিয়ে যায়। পরে জেলে প্রতি ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা।
লে. আব্দুল্লাহ আল মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, জেলে অপহরণের খবর পেয়ে ওই এলাকায় অভিযান শুরু করা হয়েছে। শিগগিরই তাদের উদ্ধার করা হবে।








