যশোর শহরের মুড়লি এলাকার একটি মেহগনি বাগান থেকে শুক্রবার দুপুরে সোহেল রানা (৩২) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি,সোহেল ট্রাকচালক ছিলেন। তবে পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসায়ী এবং মাদক ব্যবসা সংক্রান্ত অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
সোহেলের মামা গোলাম মোস্তফা জানান, সোহেল ট্রাকচালক ছিল। বৃহস্পতিবার রাত ৮টা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে মুড়লির নজরুল ইসলামের একটি মেহগনি বাগানে তার মরদেহ পড়ে আছে বলে জানতে পারেন তারা।
কোতোয়ালি থানার এসআই শাহাবুল আলম জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। তার বুক ও পেটে ধারাল অস্ত্রের অনেকগুলো ক্ষত রয়েছে। তাছাড়া দু’পায়ের রগও কাটা ছিল। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাজমুল হাসান তুহিন বলেন, ‘কী কারণে তার মৃত্যু হয়েছে- ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।’
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, সোহেল রানা একজন মাদক ব্যবসায়ী। মাদকব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে তিনি খুন হয়ে থাকতে পারেন।
তিনি জানান, এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা অনুসন্ধান এবং তাদের আটকে পুলিশ তৎপরতা শুরু করেছে।








