খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৮-২০১৯ ইং শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর। সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুয়েটের পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার মঙ্গলবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায়। চলবে ২৩ সেপ্টেম্বর রাত ১১.৫৯টা পর্যন্ত। টাকা জমা দেওয়ার শেষ সময় ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টা এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে ১১ অক্টোবর।
এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, নতুন বিভাগ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।








