আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন,‘বিএনপি এখন দেওলিয়া হয়ে গেছে, তাই তাদের রাজনীতি এখন নালিশ করা। এদেশের সব ক্ষমতার মালিক জনগণ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারা ক্ষমতা আসবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনে কে আসলো আর না আসলো তার জন্য নির্বাচন থেমে থাকবে না।’ বুধবার (৮ আগস্ট) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘এতিমের টাকা মেরে খাওয়ায় খালেদাকে জেল দিয়েছে আদালত। একমাত্র আদালতই পারে তাকে মুক্তি দিতে, তাই আন্দোলন ও বিদেশিদের কাছে নালিস করে তাকে মুক্ত করা যাবে না।’
আওয়ামী লীগের এই নেতা বলেন,‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালিন তাদের মধ্যে বিএনপি-জামায়াতের ক্যাডাররা ঢুকে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি তদন্তপূর্বক বিচার দাবি করছি। সরকার ইতিমধ্যে শিক্ষার্থীদের অনেক দাবি মেনে নিয়েছে। বাস্তবায়নও শুরু হয়ে গেছে।’
তিনি আরও বলেন,‘সড়কে মৃত্যুর মিছিল যাতে কমে যায় সেজন্য কঠোর আইন করা হয়েছে। আইনের প্রয়োগে শুরু হলেই বাংলাদেশের সড়ক নিরাপদ হওয়ার পাশাপাশি দুর্ঘটনা অনেক কমে আসবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার সোহেল রহমান, এডিএম হাসান হাবিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোস্তাক আহমেদ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।








