বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে দুটি এয়ার পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ রিয়াদ হোসেন (৩৮) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক রিয়াদ হোসেন চট্রগ্রাম জেলার গোয়ালখালী থানার বদরখালী গ্রামের অলি আহমেদের ছেলে। শনিবার (১১আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে রিয়াদকে আটক করা হয়।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল থেকে ঢাকাগামী একটি পরিবহনের এক যাত্রীর কাছে পিস্তল ও গুলি আছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টে ওই বাসটি আসলে তল্লাশির সময় যাত্রীকে দেখে সন্দেহ হয়। এ সময় তার ব্যাগের মধ্য থেকে দুটি এয়ার পিস্তল ও ১০০ রাউন্ড গুলি পাওয়া যায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের কমান্ডার সুবেদার মনির হোসেন এ খবর নিশ্চিত করে জানান,‘আটক রিয়াদের নামে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।’








