সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সমাজসেবক শহীদ স. ম. আলাউদ্দিনের হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশারফ হোসেন মশু। বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাসানুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন ও শহীদ আলাউদ্দিনের কন্যা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সচীব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আলাউদ্দিন হত্যার দীর্ঘ ২২ বছর অতিবাহিত হলেও আজও হত্যাকারীদের বিচার সম্পন্ন হয়নি। আসামিরা বিভিন্ন অজুহাতে মামলার বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করে আসছে। ইতোমধ্যে চাঞ্চল্যকর এই হত্যা মামলার পাবলিক সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। প্রভাবশালী আসামিরা মামলার ন্যায় বিচার বাধাগ্রস্ত করতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বক্তারা এ ব্যাপারে সাতক্ষীরাবাসীকে সজাগ থাকার আহ্বান জানান এবং দ্রুত বিচার শেষ করার দাবী তোলেন। মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ১৫ সেপ্টেম্বর বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শহীদ স. ম. আলাউদ্দিন হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বানকৃত মানববন্ধনে সর্বস্তরের সাতক্ষীরাবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।







