আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,‘খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি করার কোনও মানে হয় না। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে।’ সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌরসভায় শিক্ষকদের এক সেমিনারে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন,‘একজন কয়েদির চিকিৎসা হবে আদালত কোড ও আইন অনুযায়ী। কারা কর্তৃপক্ষ সব সময়ই খালেদা জিয়ার ভালো চিকিৎসার জন্য যা যা করার সবকিছু করে আসছে। তারপরও বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে কারা আইনে মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিৎসার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
হানিফ আরও বলেন,‘বিএনপি এখন হতাশায় নিমজ্জিত একটি দল। তাদের নেতাকর্মীরা প্রলাপ বকছেন। এসব আমলে নেওয়ার কিছু নেই। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়ও দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ক্ষমতার বাইরেও তারা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
পরে মাহবুব উল আলম হানিফ শিক্ষকদের সেমিনারে যোগ দেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারি। এসময় ইবির শিক্ষকরা উপস্থিত ছিলেন।








