ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়কে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা দুটি যাত্রীবাহী বাস, একটি প্রাইভেট কার ও একটি মুরগির বাচ্চাবাহী গাড়ি থেকে মোবাইল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীদের অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে লাউতলা ও চারমাইল নামক স্থানের মাঝামাঝি মাঠের মধ্যে ডাকাতরা গাছ ফেলে পথ আটকে দেয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা মোবাইল ও নগদ টাকা লুট করে।
যাত্রীদের অভিযোগ ঘটনার সময় সড়কে থাকা টহল পুলিশকে খবর দিলেও তারা যাত্রীদের সহযোগিতা করেনি। যাত্রীরা আরও জানান, ডাকাতরা সবকিছু লুট করে নির্বিঘ্নে চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে রাস্তায় পড়ে থাকা গাছ পরিষ্কার করার কাজে সহযোগিতা করে।
ডাকাতদের কবলে পড়ে সবকিছু হারানোদের একজন সোহাগ। যিনি কাজি ফার্মের মুরগির বাচ্চা বহন করা গাড়ির চালাক। তার গাড়ির নম্বর ঢাকা মেট্রো ই-১১-৪২৯৬। সোহাগ বলেন, ‘আমি গোপালপুর থেকে মুরগির বাচ্চা নিয়ে কোটচাঁদপুরে যচ্ছিলাম। পথে ডাকাতরা গাছ ফেলে পথ রোধ করে। ডাকাতরা গলাই ধারালো দা ধরে আমাকে ও হেলপারকে জিম্মি করে। এসময় আমাদের কাছ থাকা মোবাইল ও নগদ আট হাজার টাকা ছিনিয়ে নেয়।’
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান ডাকাতির কথা অস্বীকার করে বলেন, ‘কোথাও কোন ডাকাতি হয়নি।’
তবে ঘটনার রাতে ওই সড়কে দায়িত্ব পালন করা থানার এসআই অমিত কুমার দাস জানান, ডাকাতরা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল কিন্তু আমাদের তৎপরতায় তারা ব্যর্থ হয়।








