ফরিদপুরের ভাংগা উপজেলায় একঘণ্টা থানা ঘেরাওসহ সড়ক অবরোধ করে রাখে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় তারা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নামে থানায় মিথ্যা মামলা নেওয়ার প্রতিবাদসহ ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করে।
রবিবার সকালে বিভিন্ন এলাকায় থেকে নেতাকর্মীরা ভাংগা ঈদগাহ মাঠে এসে জড়ো হয়। পরে তারা থানার মেইন ফটকের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করে ও বিভিন্ন স্লোগান দেয়। এ সময় থানার মেইন গেট বন্ধ করে দেওয়া হয়। পরে মিছিলটি ভাংগা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। এ সময় সড়কে শতাধিক যানবাহন আটকা পড়ে।
পরে আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবু রেজা মো. ফয়েজ বলেন, ‘আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলা নেওয়াসহ প্রশাসনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর নির্দেশে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। পরে পুলিশ আমাদের দাবি মেনে নেওয়ায় কাজী জাফরউল্লাহর নির্দেশে অবরোধ তুলে নেওয়া হয়েছে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা সার্কল) গাজী মো. রবিউল ইসলাম বলেন, ‘থানা উভয় পক্ষের মামলা নিয়েছে। তবে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।








