যশোরের বেনাপোলে হুন্ডির ৫০ লাখ টাকা ও ৩ পিস সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি ও কাস্টমস সদস্যরা। রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পুটখালী সীমান্ত থেকে ৫০ লাখ টাকা ও বেনাপোল চেকপোস্ট কাস্টমস সদস্যরা পাসপোর্টধারী এক যাত্রীর কাছে থেকে ৩ পিস সোনার বার উদ্ধার করেছে।
হুন্ডি পাচারকারীর নাম বাবলুর রহমান (২৩) ও স্বর্ণ পাচারকারীর নাম মেহেদী হাসান (১৯)।
বাবলুর রহমান বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের আব্দুল সালামের ছেলে ও মেহেদী হাসান ঢাকার ডেমরা থানার মাতুয়াইল মুসলিমনগর এলাকার একমত আলীর ছেলে।
বিজিবি ও কাস্টমস সূত্রে জানা যায়, দুপুরে বাবলুর রহমান ভারত থেকে পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে। তার হাতে দুটি বাজারের ব্যাগ ছিল। দুপুর সাড়ে ৩টার দিকে তিনি পুটখালী গ্রামের মাঠে ধানক্ষেতের আইল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় সেখানে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে একটির মধ্যে এক হাজার টাকার নোটের ৩০টি এবং অপর ব্যাগে ৫০০ টাকা নোটের ৪০টি বান্ডিল পাওয়া যায়। উদ্ধার করা মোট টাকার পরিমাণ ৫০ লাখ টাকা।
এদিক দুপুর ১২টার দিকে মেহেদী নামে একজন পাসপোর্টধারী যাত্রী ভারতে যাচ্ছিলেন।প্যাসেঞ্জার টার্মিনালে স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করে চলে যাওয়ার সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে চেকিং রুমে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে সে পায়ুপথে ৩ পিস সোনার বার থাকার কথা স্বীকার করে। পরে তাকে জুস ও কলা খাইয়ে সোনার বার তিনটি বের করেন কাস্টমস কর্মকর্তারা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ‘এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। আটক বাবলুর রহমানকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা টাকা থানায় জমা দেওয়া হয়েছে।
এদিকে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার জাকির হোসেন ৩ পিস সোনার বারসহ একজন পাসপোর্টধারী যাত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সোনাসহ আটক ব্যক্তিকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।








