বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা দেশের উন্নয়নের গতিধারা ব্যাহত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। তাই তিনি সর্বস্তরের জনসাধারণকে বিএনপিকে বয়কট করে পুনরায় আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানান।
রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির কমিটির সভাপতি/সম্পাদকের সাথে মঙ্গলবার এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি অনুষ্ঠানে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানা, রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু।
এসময় আরও বক্তৃতা রাখেন রূপসা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফ. ম. আ. সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন কুমার অধিকারী, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লাসহ অনেকে।








