সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় শহীদুল গাজী (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-দেবহাটা সড়কের কুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শহীদুল গাজী সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমোল্লারডাঙ্গী এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে মাহেন্দ্রযোগে নলতায় মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন শহীদুল গাজী। তাকে বহনকারী মাহেন্দ্রটি কুলিয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রলিকে ধাক্কা দেয়। এসময় ড্রাইভারের বাম পাশে বসা শহীদুল গাজী মাথায় প্রচণ্ড আঘাত পান। রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








