ঝিনাইদহে স্ত্রী রীনা খাতুনকে হত্যার দায়ে স্বামী রিয়াদ মুন্সিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম আযম এ আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৩ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার সোনাদাহ গ্রামের রীনা খাতুনকে কয়েকজন ব্যক্তি ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রীনার সুরোতহাল রিপোর্ট তৈরিকালে গলায় আঙ্গুলে ছাপ দেখতে পায়। এতে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ময়নাদতন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠায়। ময়নাতদন্তে দেখা যায় রীনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর স্বামী রিয়াদ মুন্সির ভয়ে রীনার স্বজনরা মামলা করতে ভয় পায়।
এর পর পুলিশ বাদী হয়ে রিয়াদ মুন্সিকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে। এসআই ইয়াসিন আলী মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ১৯ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। দোষী প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।








