খুলনার ৬টি আসনে বুধবার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের দফতরে রিটার্নিং অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
খুলনার রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন জানান, ‘সম্ভাব্য প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। খুলনার সব এলাকায় প্রার্থীরা সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত খুলনা- ৩ আসনের প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান রিটার্নিং অফিসার হেলাল হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদক নজরুল ইসলাম মঞ্জু খুলনা-২ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দেন। খুলনা-১ আসনে জাপার সুনীল শুভ রায়, বিএনপির আমীর এজাজ খান, সিপিবি’র অশক কুমার রায়, খুলনা-২ আসনে সিপিবির এইচ এম সাহাদাৎ, খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল ও এস এম আরিফুর রহমান মিঠু, জনার্দন দত্ত, খুলনা-৪ আসনে বিএনপি’র আজিলুল বারী হেলাল ও শাহ কামাল তাজ, মেজর (অব.) হাবিবুর রহমান, শেখ আনছার আলী, খুলনা-৫ আসনে জানায়াতের মিয়া মুহাম্মদ গোলাম পারওয়ার, বিএনপির ডা. গাজী আব্দুল হক, খুলনা-৬ আসনে জাপার শফিকুল ইসলাম মধু, আ.লীগের আক্তারুজ্জামান বাবু, বিএনপির শফিকুল আলম মনা, জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন। খুলনার ৬টি আসনে ৪৮ প্রার্থী রিটার্নিং অফিসারের দফতর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।








