আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনের জন্য গতকাল বুধবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগ ও বিএনপিরসহ ১৪ জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসার মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মাগুরা-১ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন এবং মাগুরা-২ আসন থেকে জমা দিয়েছেন ৪ জন । উভয় আসনে আওয়ামী লীগের একজন করে প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেও মাগুরা-২ আসনে বিএনপির একজন বিকল্প প্রার্থী রয়েছেন।
মাগুরা-১ থেকে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বিএনপির দলীয় প্রার্থী মনোয়ার হোসেন খান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা (মাগুরা-১), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) প্রার্থী এমএ আউয়াল, গণফোরামের ডাক্তার মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের নাজিরুল ইসলাম, এনপিপির কাজী তৌহিদুল আলম, বাংলাদেশ কংগ্রেসের এডভোকেট কাজী রেজাউল ইসলাম (মাগুরা-১), স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি (মাগুরা-১) ও বিএনএফের মোতাসিম বিল্লাহ রিফাত (মাগুরা-১)। মাগুরা-২ থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এ্যাডভোকেট বীরেন শিকদার, বিএনপির দলীয় প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী , ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল, বিএনপির বিকল্প প্রার্থী খোন্দকার মেহেদী আল মাসুদ ।
সকালে সাইফুজ্জামান শিখর ও বীরেণ শিকদারের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুণ্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে মাগুরা-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী মানোয়ার হোসেন খানের পক্ষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আকতার হোসেন জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র যখন জমা দিচ্ছিলেন তখন সেখানেউপস্থিত ছিলেন বিএনপি নেতা এ্যাডভোকেট সাকাওয়াত হোসেন, ফারুক আহামেদ বাবুল, রেজাউল ইসলাম, হাসান ইমাম সুজা, অ্যাডভোকেট সাহেদ হোসেন টগর প্রমুখ।। দুপুরে মাগুরা-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ, আদর্শ কলেজের উপাধক্ষ্য গোলাম কাবিয়ার, ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরবর্তীতে অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।








