আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। জনগণই সকল ক্ষমতার উৎস। প্রতিটি ভোটারের কাছে উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে।’
রবিবার (২ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে সদর উপজেলার আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে ভোট চাওয়ার অধিকার অর্জন করেছে। দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকারকে আর একবার ক্ষমতায় আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিগত সময়ে জামাত-বিএনপি একসঙ্গে ক্ষমতায় থেকে গেছে, তারা দেশে দুর্নীতি ছাড়া কিছুই করেনি। জনগণ দেশের দুর্নীতিবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না। যারা দেশের উন্নয়ন করছে জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’
কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌমলী ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।








