মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের মাঠ থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আবদুল মজিদ ফাহিম (৩৩)। সোমবার (৩ ডিসেম্বর) লাশটি উদ্ধার করা হয়।
নিহতের ভাই আশাদুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যার পর থেকে তার ভাই নিখোঁজ ছিলেন। রাতের খাবার খেতে না আসায় গ্রামের বেশ কয়েক জায়গায় তার খোঁজ করেও পাওয়া যায়নি। সোমবার গ্রামের মানুষ মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয়। তারা পুলিশকে জানানোর পর পুলিশ লাশ উদ্ধার করে।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি গ্রামের মাদ্রাসা পাড়ার ক্ষৌরকার ইসাহক আলীর ছেলে।








