ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) হ্যাকিং হওয়ার কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন সাতক্ষীরার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি বলেন, ‘যেহেতু ইভিএম মেশিনে কোনও ইন্টারনেট সংযোগ থাকছে না, সেজন্য হ্যাকিং হওয়ার কোনও সুযোগ নেই। এমনকি বিদ্যুৎ না থাকলেও কোনও সমস্যা নেই, কারণ ইভিএম চলবে ব্যাটারির শক্তিতে। ভোটার বাটনে চাপ দিলেই দেখতে পাবেন, তার কাঙ্ক্ষিত প্রার্থীর নাম ও প্রতীক। এরপরই তিনি নিচের সবুজ বাটনে চাপ দিলে নিশ্চিত হবেন, যে তার ভোট যথাস্থানে পড়েছে কিনা।’
বুধবার (৫ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইভিএম বিষয়ে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল বলেন, ‘এতে আপনার-আমার ভোটের সুরক্ষা হবে। শতভাগ স্বচ্ছতা নিশ্চিত হবে। দ্রুত সময়ে ভোটগ্রহণ ও গণনা সম্ভব হবে। কোনও সংশয়, সন্দেহ কিংবা অনিশ্চয়তাও নেই। ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবেন। এজন্য ভোটকেন্দ্রে যেমন কোনও ব্যালট বাক্স লাগবে না। তেমনি ব্যলট পেপারও লাগছে না।’
রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল বলেন, ‘ইভিএম পদ্ধতিতে একজন অন্য জনের ভোট দেওয়ার সুযোগও নেই। এতে ভোট বাতিল হওয়ারও সুযোগ নেই। ভোটারের ভোটটি তার কাঙ্ক্ষিত প্রার্থীর অনকূলে গেছে কিনা তাও তিনি বুথে থাকাবস্থায়ই নিশ্চিত হতে পারবেন। আর ভোট শেষে খুব অল্প সময়েই গণনা শেষ হবে।’
ইভিএম মেশিননে ভোটদান পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেন টেকনিক্যাল এক্সপার্ট সাইফুর রহমান শাহাবুদ্দিন ও নির্বাচন কমিশনের নুরজ্জামান শাওন।
সভায় সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাধারণ ভোটারদের ইভিএম নিয়ে অবহিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রাকটিক্যাল প্রচারণা চালানো হবে বলে মতবিনিময় সভায় জানানো হয়।








