নড়াইলের কালিয়া উপজেলার কান্দুরী গ্রামে দুই কৃষককে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইলিয়াছ আহম্মেদসহ শতাধিক লোককে আসামি করে মামলা হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) রাতে নড়াগাতি থানায় এ মামলা হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির এ খবর নিশ্চিত করেন।
গত ৬ ডিসেম্বর সকাল ৮টার দিকে কান্দুরী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ইমান আলী মোল্যা (৩৮) ও রুকু মোল্যা (৩৫) নিহত হন। এ ঘটনায় আরও ৫ জন গুলিবিদ্ধ হন। এদিন ৮ জনকে আটক ও ঘটনাস্থল থেকে ৪টি শর্টগানের গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
ওসি মো. আলমগীর কবির বলেন, ‘গত ৫ দিনে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কান্দুরী গ্রামের আব্দুর রব মোল্যা (৪০), জাহাঙ্গীর মোল্যা (৩২), টুটুল মোল্যা (৩৫), হাসিদুল মোল্যা (২৮), বেলায়েত মোল্যা (৪২), আব্দুল্লাহ মোল্যা (৪৪), শাহজাহান মোল্যাকে (৬৫) এবং লোহারগাতি গ্রামের এখলাছ তালুকদারকে (৩৪) আটক করেছে পুলিশ। ওই ঘটনার ৫ দিন পর প্রতিপক্ষের দলনেতা কলাবাড়িয়া ইউপির সদস্য মো. ইলিয়াছ আহম্মেদসহ ১০৫ জনের নাম করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা হয়েছে।’
ওসি মো. আলমগীর কবির আরও বলেন, ‘বাদীপক্ষের অভিযোগ দায়েরে বিলম্ব হওয়ায় মামলা দায়েরে সময় ক্ষেপণ হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’








