বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ভারত সরকার ত্রাণের কম্বল পাঠিয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রায় ২৬ হাজার কম্বল নিয়ে চারটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল কাস্টমস চেকপোস্টের কার্গো সুপার আজম মোল্লা জানান, ভারত সরকার রোহিঙ্গাদের জন্য ২ লাখ ২৫ হাজার পিস কম্বল ও ২ লাখ পিস সোয়েটার ত্রাণ দিচ্ছে। এর প্রথম চালানের ২৫ হাজার ৮০০ পিস কম্বল এসেছিল।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট যমুনা ট্রেডিং করপোরেশনের মালিক আমিনুল হক জানান, ত্রাণের কম্বল ভারতীয় ট্রাক থেকে নামিয়ে পণ্যাগারে রাখা হয়েছে। কয়েকদিনের মধ্যে এসব কম্বল চট্টগ্রামের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাবে। সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হবে। কাস্টমসের কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাড়াতাড়ি যাতে বন্দর থেকে এসব কম্বল ছাড় করানো যায় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।








