নড়াইল-২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ও দলটির জেলা সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইল পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধু চত্বরে জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক যৌথসভায় তিনি এ সিদ্ধান্ত জানান।
জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, ‘মাশরাফি আমাদের গর্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোকে মহাজোটের প্রার্থী করে গোটা নড়াইলবাসীকে সম্মানীত করেছেন। তাই প্রধানমন্ত্রী এবং মাশরাফির প্রতি সম্মান দেখিয়ে আমি দলের নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে প্রার্থিতা প্রত্যাহার করলাম। আমি ও দলীয় নেতাকর্মীরা মিলে মাশরাফিকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করবো। মাশরাফি বিজয়ী হলে এ জেলার ব্যাপক উন্নয়ন হবে বলে আমি মনে করি।’
জাতীয় পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজের সভাপতিত্বে যৌথসভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম, জাপার উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ইমরান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো. রেজাউল বিশ্বাস, যুবলীগ নেতা সৌমেন বোস, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন হেকমত, জাপা নেতা হাদিউজ্জামান হাদি, শাহরিয়ার পারভেজ ইমন প্রমুখ।








