বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম কুদ্দুসকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে ফুলতলা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ফুলতলা থানার ওসি মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মিয়া গোলাম কুদ্দুস খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ারের ভাই।
ওসি মনিরুল ইসলাম জানান, ১৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা বাজারে ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে একটি বোমার বিস্ফোরণ হয়। এরপর রাত সোয়া ৯টার দিকে দামোদরে ৪নম্বর গাড়াখোলা ইউনিয়ন কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ৪নম্বর গাড়াখোলা ইউনিয়ন কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল জলিল দুটি মামলা দায়ের করেন। এছাড়া বেজেরডাঙ্গা বাজারে ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ নেতা আলী আযমও একটি মামলা দায়ের করেন। শুক্রবার মিয়া গোলাম কুদ্দুসকে আটক করে দুটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








