ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দুইটি নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২ ডিসেম্বর) রাতে কার্যালয় দুটি পুড়িয়ে দেওয়া হয়। কালীগঞ্জ থানার ওসি তদন্ত আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে ইউনিয়নের আমতলা ও জামতলা নামক স্থানে আলীগের নির্বাচনি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে সামিয়ানা দিয়ে ঘেরা কাপড় ও নির্বাচনি পোস্টার পড়ে যায়।
কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডাক্তার রাশেদ শমসের অভিযোগ করে জানান, আনুমানিক রাত তিনটার দিকে ২০/২৫ জন জামায়াত-বিএনপির লোকজন আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে নির্বাচনি পোস্টার ও কাপড় পুড়ে গেছে।
কালীগঞ্জ থানার ওসি তদন্ত আতিকুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে থানায় মামলা হলে বিস্তারিত পরে জানা যাবে।








