জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ড. কামাল হোসেন খেলনা স্টিয়ারিং হাতে জানালার পাশে বসে আছেন। এ জোটের ড্রাইভার মূলত খালেদা জিয়া-তারেক রহমান।’
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজের নির্বাচনি প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘ঐক্যফ্রন্ট সমগ্র নির্বাচনকে কাল্পনিক জাল দিয়ে ঢাকার চেষ্টা করছে, যাতে নির্বাচনটা বিতর্কিত হয়।’
তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে নির্বাচনকে ব্যবহার করছে। নির্বাচন ভণ্ডুল, বর্জন ও বানচালের চক্রান্ত মোকাবেলা করতে শেষ দিন পর্যন্ত দেশবাসীকে সর্তক থাকতে হবে।’
এসময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ স্থানীয় জাসদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








