বাগেরহাটের ফকিরহাটে মাদকসেবী ভাসুরের লাঠির আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী খাদিজা বেগম (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলার নলধাবাগ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ভাসুর কামাল মল্লিককে আটক করেছে।
কামাল মল্লিক ওই গ্রামের নেছার উদ্দিন মল্লিকের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নলধাবাগ গ্রামের দিনমজুর আবুল কাশেম মল্লিকের স্ত্রী খাদিজা বেগম উঠানে বসে রান্না করার সময় মাদকাসক্ত ভাসুর কামাল মল্লিক তাকে আপত্তিকর প্রস্তাব দেয়। বিষয়টি তাৎক্ষণিক খাদিজা বেগম তার শাশুড়ি আছিয়া বেগমকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে কামাল মল্লিক গাব গাছের মোটা লাঠি দিয়ে সাজোরে খাদিজার মাথার আঘাত করে পালিয়ে যায়। এতে ছোট ভাইয়ের স্ত্রী খাদিজা বেগম ঘটনাস্থলে মারা যায়। ঘটনার সময় নিহতের স্বামী বাড়িতে ছিলেন না।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাহিদ শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ভাসুর কামাল মল্লিককে (৪০) স্থানীয়দের সহায়তায় পাশের গ্রাম ব্রহ্মডাংগা থেকে আটক করা হয়েছে। নিহত খাদিজা বেগমের ৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।








