ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো. হেদায়েৎ হোসেন মোল্লার জামিন পুলিশের তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) খুলনার জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।
এর আগে গত ১৪ জানুয়ারি এক আদেশে বিচারক ২৯ জানুয়ারি পর্যন্ত হেদায়েৎ হোসেন মোল্লাকে জামিন দেন।
সাংবাদিক হেদায়েৎ হোসেনের আইনজীবী জিএম আব্দুর রাজ্জাক ও মাসুম বিল্লাহ জানান, বিচারক উভয়পক্ষের শুনানি ও কাগজপত্র পর্যালোচনা শেষে সাংবাদিক হেদায়েৎ হোসেনকে পুলিশের তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত জামিনের আদেশ দিয়েছেন।
তারা আরও জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার নিয়মিত শুনানির দিন ধার্য রয়েছে।
গত ১ জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনের ফল সংক্রান্ত একটি প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক না হওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মো. হেদায়েৎ হোসেন মোল্যাকে গ্রেফতার করে পুলিশ। খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে ২ জানুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩ জানুয়ারি হেদায়েৎ হোসেন মোল্যার জামিন আবেদন মঞ্জুর করেন খুলনার দায়রা জজ আদালত। ১৪ জানুয়ারি একই আদালত এ জামিনের মেয়াদ ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়ান।








