চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরুজ মিল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৫ কেজি ৫০০ গ্রাম রূপার গহনাসহ উজ্জল হোসেন (৩৪) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই রূপা ভারত থেকে চোরাপথে আনা হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে রূপাসহ তাকে আটক করা হয় বলে দুপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বিজিবি।
সংবাদ সম্মেলনে বলা হয়—এই রূপা চোরাপথে ভারত থেকে আনা হয়েছে এবং আটক উজ্জল চোরাচালানের সঙ্গে জড়িত। সে দর্শনার কেরুজ মিল পাড়ার আলম হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে বিজিবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, চুয়াডাঙ্গা-৬ বিজিবির কমান্ডার নায়েক কবির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা কেরুজ বাজার এলাকা থেকে উজ্জলকে আটক করে। এসময় তার কাছে থাকা ৪৫ কেজি ৫০০ গ্রাম (৩ হাজার ৯০০ ভরি) রূপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩১ লাখ ৯৩ হাজার টাকা।
চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমাম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক উজ্জলসহ জব্দকৃত রূপা ও ইমিটেশনের গহনা দামুড়হুদা থানায় জমা দেওয়া হবে।








