নড়াইলের কালিয়ায় প্রতিবেশীর বাড়িতে হারিয়ে যাওয়া হাঁস খোঁজাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শিশুসহ ১০ জন আহত হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়নাল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কালিয়া ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহতদের কয়েকজন হলো—খাজা শেখ (৬০), খোকন শিকদার (২২), খায়রুল শেখ (১৩), জামাল মোল্যা (৩০), রমিম শেখ (১৮), মামুন শেখ (২৫) ও ইকরামুল শেখ।
পুলিশ ও আহতরা জানান, উপজেলার বড়নাল গ্রামের আনোয়ার শেখের ছেলে মামুন শেখ দীর্ঘদিন ধরে স্থানীয় বড়নাল বিলে হাঁস চাষ করে আসছেন। একই বিলে হাঁস চাষ করেন ওই গ্রামের ছলেমান শেখের ছেলে ইকরামুল শেখও। গত কয়েকদিনে মামুনের পাল থেকে কয়েকটি হাঁস হারিয়ে যায়। রবিবার সকাল ১০টার দিকে হারিয়ে যাওয়া হাঁস ইকরামুলের বাড়িতে খুঁজতে যান মামুন। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে, উভয় পক্ষের ১০ জন আহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন বলেন, ‘সংঘর্ষের খবর শুনেছি। তবে কেউ এখনও অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’







