যশোরের চাড়াভিটা এলাকায় যশোর-নড়াইল সড়কে গাছের সঙ্গে ধাক্কা লেগে সোনিয়া খাতুন (২২) নামে প্রাইভেটকারের এক যাত্রীর মৃত্যু হয়েছে। শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেছে।
সোনিয়া খাতুন নামের ওই গৃহবধূ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খানমার্তা গ্রামের নাজমুল খন্দকারের স্ত্রী। প্রাইভেটকারে মোট পাঁচজন যাত্রী ছিল। গাড়ি চালাচ্ছিলেন তার স্বামী নাজমুল। তিনিও আহত হন। আহত অপর দু’জন হলেন—নাজমুল দম্পতির তিন বছরের একমাত্র ছেলেশিশু সিয়াম ও নাজমুলের খালা রিজিয়া বেগম (৪৫)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রাইভেটকারের একজন যাত্রী জানান, বেলা সাড়ে ১২টার দিকে একটি প্রাইভেটকারযোগে তারা ভাঙ্গা থেকে যশোরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে গাড়ির চাকা ব্লাস্ট হয়ে রাস্তার ধারে পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
ঘটনাস্থল থেকে নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীন মোহাম্মদ জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি হচ্ছে। নিহতের পরিবার ও সংশ্লিষ্ট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
যশোরের বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে রয়েছে।








