ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর গ্রামে ফরিদা খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামি এনামুল মালিতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ভবিতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
হরিণাকুণ্ডু থানার এসআই গোলাম সরোয়ার জানান, মামলার প্রধান আসামি এনামুল মালিতা নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ভবিতপুর গ্রামের এলেম মালিতার স্ত্রী ফরিদা খাতুনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে প্রতিবেশী এনামুল মালিতা, তার ছেলে রাজীব মালিতা ও স্ত্রী লাবনী খাতুন। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের করা হয়।








