ঝিনাইদহে পৃথক দুটি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের জেলা জজ মো. আবু আহছান হাবিব ও অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- সদর উপজেলার নগর বাথান গ্রামের আহাম্মেদ মণ্ডল ও হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের আসমান মালিতা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১২ আগস্ট সদর উপজেলার নগর বাথান গ্রামের আহাম্মেদ মণ।ডলের স্ত্রী নাজমা খাতুনকে অসুস্থ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে হত্যার বিষয়টি বেরিয়ে এলে পুলিশ স্বামী আহাম্মেদ মণ্ডলসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করে। পরবর্তীতে পুলিশ আলীকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আহাম্মেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অন্যদিকে, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যার পর ক্ষেতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় হরিনাকুণ্ডু উপজেলার নারানকান্দি গ্রামের নুর আলী মণ্ডলের ছেলে আহাম্মদ আলী। পরদিন সকালে তাকে পোলতাডাঙ্গা গ্রামের মাঠে গুলিবিদ্ধ ও জখম অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারিা হরিনাকুণ্ডু থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা নুর আলী। মামলার দুই আসামি মারা যাওয়ায় অপর আসামি আসমান মালিতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম আজম।








