বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ মিজান খাঁন (৩৮) নামে এক ঘের ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নিশানবাড়িয়া ইউনিয়নের হোগোলপাতি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক মিজান খাঁন হোগোলপাতি গ্রামের জব্বার খাঁনের ছেলে। পুলিশ তার বাড়ি থেকে একটি দেশি তৈরি শার্টারগান উদ্ধার করে।
জেলা ডিবি পুলিশের ওসি (তদন্ত) শেখ মাইনুল ইসলাম বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আনামের নেতৃত্বে ডিবি পুলিশ মিজান খাঁনের বাড়িতে অভিযান চালায়। তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন,‘মিজান খাঁনকে দেশি তৈরি অস্ত্রসহ আটক করা হয়েছে শুনেছি। তার বিরুদ্ধে আর কোনও অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মিজান খাঁন নিজ গ্রামে কৃষি কাজ ও ঘের ব্যবসা করেন বলে জানা গেছে।’








