বাগেরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে বুধবার (৬ মার্চ) দিনভর যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কাগজপত্রে ত্রুটি থাকা, ঋণ খেলাপি ও দণ্ডপ্রাপ্ত হওয়ার মতো কারণে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জহিরুল ইসলাম এবং জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ জানিয়েছেন, ফকিরহাট উপজেলায় একজন চেয়ারম্যান প্রার্থী, মোল্লাহাট উপজেলায় একজন চেয়ারম্যান প্রার্থী ও দুইজন ভাইস-চেয়ারম্যান প্রার্থী, চিতলমারী উপজেলায় দুইজন চেয়ারম্যান প্রার্থী ও দুইজন ভাইস-চেয়ারম্যান প্রার্থী, মোংলা উপজেলায় দুইজন ভাইস-চেয়ারম্যান প্রার্থী এবং মোরেলগঞ্জ উপজেলায় একজন ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান প্রার্থী শেখ আলাউদ্দিন, মোল্লাহাট উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আল মামুন মোল্লা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এসএম সহিদ হোসেন ও জাহিদ রানা পাচা, চিতলমারীতে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলমগীর হোসেন ও এসএম মনিরুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসাইন ও শেখ লিমন, মোংলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল বাগচি ও ইকবাল হোসেন এবং মোরেলগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান লাভলুর মনোনয়নপত্র বাতিল হয়।







